, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চিটাগাং চেম্বারের নির্বাচন নিয়ে এফবিসিসিআইয়ের ট্রাইব্যুনালে কী হবে?


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১ অক্টোবর, ২০২৫ ৫:৪৫ : অপরাহ্ণ

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। নির্বাচনে চেম্বারের ‘বিতর্কিত’ টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের অংশগ্রহণ এবং সরাসরি সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন না হওয়া নিয়ে এই সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসনে চেম্বারের সদস্য তিন ব্যবসায়ী এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে (সালিশি আদালত) পৃথক তিনটি অভিযোগ দাখিল করেছেন।

এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলকারী তিন ব্যবসায়ী হলেন-চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম নুরুল হক, চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল এবং সীতাকুণ্ডের ব্যবসায়ী এস এম সালেহ জহুর রাসেল।

এদের মধ্যে এস এম নুরুল হক ও মোহাম্মদ বেলাল বাণিজ্য মন্ত্রণালয়ের ২০ আগস্টের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের ভোটার তালিকা থেকে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপকে বাদ দেওয়ার আবেদন করেছেন। সেই সাথে আর্বিট্রেশন ট্রাইব্যুনালে এই অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা চেম্বারের নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেছেন।

অপর অভিযোগকারী এস এম সালেহ জহুর রাসেল বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী চেম্বার সদস্যদের সরাসরি ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করার আবেদন করেছেন।

তিন ব্যবসায়ীর পৃথক অভিযোগে চিটাগাং চেম্বারের প্রশাসক, চেম্বারের নির্বাচন বোর্ডের প্রধান, চেম্বারের নির্বাচন আপিল বোর্ডের প্রধান, বোয়ালখালী অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ইফতেখার ফয়সাল, রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সরফরাজ নেওয়াজ ফরহাদ, হাটহাজারী অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মনির উদ্দিন, পটিয়া অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অহিদ সিরাজ চৌধুরী, চিটাগাং মিল্ক ফুড ইমপোটার্সের জেনারেল সেক্রেটারি বেনজির চৌধুরী, চিটাগাং ডাইস অ্যান্ড কেমিক্যালসের জেনারেল সেক্রেটারি ওমর খৈয়াম এবং চিটাগাং টায়ার টিউব ইমপোটার্সের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শাহজাহানকে বিবাদী করা হয়েছে।

ইতোমধ্যে অভিযোগের বিষয়ে লিখিত জবাব চেয়ে এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনাল এসব বিবাদীদের কাছে নোটিশ পাঠিয়েছে। এরপর শুনানির তারিখ ধার্য করবে ট্রাইব্যুনাল। শুনানিতে অভিযোগকারী ও বিবাদীদের স্বশরীরে উপস্থিত থাকতে হবে। আর্বিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের বোর্ডে শুনানি অনুষ্ঠিত হবে।

এফবিসিসিআই সূত্রে জানা গেছে, চিটাগাং চেম্বারের নির্বাচনের আগে আর্বিট্রেশন ট্রাইব্যুনাল তিন ব্যবসায়ীর অভিযোগ নিষ্পত্তি করে ফেলতে পারে। অন্যথায় অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের কার্যক্রম স্থগিত করতে পারে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআইয়ের ‘এ’ ক্যাটাগরির সদস্য।

এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনাল সারাদেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি করে থাকে। এই ট্রাইব্যুনাল সালিশ আইন-২০০১ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে।

আগামী ১ নভেম্বর চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীরা নির্বাচন বোর্ড থেকে মনোনয়নপত্র নিয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর নির্বাচন বোর্ড বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। আগামী ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের বাকি আর এক মাস। তিন ব্যবসায়ীর এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের পর তফসিল ঘোষিত সময়ে চেম্বারের নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

তিন ব্যবসায়ীর অভিযাগ নিয়ে এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে কী ফয়সালা হবে-তা নিয়ে উৎকণ্ঠায় আছেন চেম্বার নির্বাচনের প্রার্থীরা। তারা এখন তাকিয়ে আছেন আর্বিট্রেশন ট্রাইব্যুনালের দিকে।

এদিকে আগামী ১ নভেম্বর সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচনও অনুষ্ঠিত হবে। তবে সিলেট চেম্বারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি সরাসরি ভোটে নির্বাচিত হবে। গত ২১ সেপ্টেম্বর সিলেট চেম্বারের নির্বাচন বোর্ড বাণিজ্য মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবীর মতামত আমলে নিয়ে সংঘবিধি উপেক্ষা করে তফসিল সংশোধন করেছে। কিন্তু চিটাগাং চেম্বারের নির্বাচন বোর্ডের প্রধান মনোয়ারা বেগম বাণিজ্য মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবীর মতামত গ্রহণ না করে আগের পদ্ধতিতে পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচনের প্রক্রিয়া বহাল রেখেছেন।

চিটাগাং চেম্বার নির্বাচন বোর্ডের প্রধান মনোয়ারা বেগমের ভূমিকা নিয়ে ব্যবসায়ীদের অনেকে প্রশ্ন তুলছেন। ব্যবসায়ীদের অনেকে বলছেন, নির্বাচন বোর্ডের প্রধান হয়তো নির্বাচনের একটি পক্ষের দ্বারা প্রভাবিত হয়েছেন।

চিটাগাং চেম্বার নির্বাচনের প্রার্থীদের অনেকে মনে করছেন, যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবীর মতামতের ভিত্তিতে সিলেট চেম্বারে সরাসরি ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবে, তাই এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনাল চিটাগাং চেম্বারের নির্বাচনেও এই প্রক্রিয়ায় ভোটগ্রহণের আদেশ দিতে পারে।

এফবিসিসিআই সূত্রে জানা গেছে, চিটাগাং চেম্বারের তিন ব্যবসায়ীর অভিযোগ যদি আর্বিট্রেশন ট্রাইব্যুনাল আমলে নেয়, তাহলে নির্বাচনের তফসিল বাতিল ও নির্বাচন বোর্ড বিলুপ্তের আদেশও দিতে পারে। ইতিপূর্বে আর্বিট্রেশন ট্রাইব্যুনাল এমন আদেশ দিয়েছে।

জানা গেছে, ২০২২ সালের ৬ জুন এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনাল দিনাজপুর শিল্প ও বণিক সমিতির ২০২১ সালে নির্বাচিত কমিটিকে বাতিল ঘোষণা করে। নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মসহ ১৫টি অভিযোগ এনে দিনাজপুর শিল্প ও বণিক সমিতির তিন ব্যবসায়ী ২০২১ সালের ১২ জুন এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছিলেন। নির্বাচনের এক বছর পর আর্বিট্রেশন ট্রাইব্যুনাল দিনাজপুর শিল্প ও বণিক সমিতির নির্বাচিত কার্যনির্বাহী কমিটি বাতিল ঘোষণা করে।

এর আগে ২০০৯ সালের ৩ অক্টোবর এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালের আদেশে বগুড়া চেম্বার অব কমার্সের নির্বাচন বাতিল হয়ে যায়। একই সাথে নির্বাচন বোর্ড, নির্বাচনের আপিল বোর্ড এবং নির্বাচনের তফসিল বাতিল ঘোষণা করে। নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার বিষয়ে আলাদা দুটি অভিযোগের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।

আরও পড়ুন:

চিটাগাং চেম্বারের নির্বাচনে জোট বাঁধলো আ.লীগ-বিএনপির দুই ব্যবসায়ী

চিটাগাং চেম্বারের নির্বাচনে বিএনপি-আ.লীগ ‘সমঝোতা’

চিটাগাং চেম্বারের নির্বাচনে মনোনয়নপত্র নিলেন যারা

শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে লড়ছেন কারা?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর