, | |

মূলপাতা আইন-আদালত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: সাকিবের বিরুদ্ধে তদন্তে দুদকের নতুন কমিটি


সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত


প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ

অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন দপ্তরে চিঠি দেয় দুদক।

চলতি বছরের জুনে শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে মামলা করে দুদক। যেখানে শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা।

গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

এর আগে গত বছরের ৬ নভেম্বর সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরার একটি নির্বাচনী আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভোটে লড়েন সাকিব। সেই নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্যও হন তিনি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে।

২০২৩ সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিবের ব্যবসায় হাতেখড়ি রেস্টুরেন্টের মাধ্যমে। এরপর ধীরে ধীরে পুঁজিবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। সবশেষ যুক্ত হন ফুটওয়্যার ও ই-কমার্স ব্যবসায়। মোনার্ক মার্ট সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান।

আরও পড়ুন: অমর একুশে বইমেলা স্থগিত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর