বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

রাজধানীর সাতরাস্তা অবরোধ, যান চলাচল বন্ধ


রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১:০৭ অপরাহ্ণ

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে করে সাতরাস্তা হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ যাত্রীরা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন তারা।

প্রকৌশল অধিকার আন্দোলনের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করার এবং জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, পূর্বঘোষিত দাবিগুলোর রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তারা উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।

আন্দোলন করা এক শিক্ষার্থী বলেন, এর আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল। সেগুলো সরকার মেনে নিলেও এখনো বাস্তবায়ন হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি করেছেন। সেগুলোর নিরসন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়া হবে না।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরেও সাতরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা করে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।

আরও পড়ুন: জি এম কাদের ও পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর