প্রায় সাড়ে ১৭ বছর পর হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
আজ রোববার ৪টা ২২ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন লুৎফুজ্জামান বাবর। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এতে আরও অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স, সিনিয়র সচিব নাসিমূল গণি এবং পুলিশের (আইজি) বাহারুল আলম।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য বাবর।
২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়।
২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ২০১২ সালের ১৮ মার্চ তারেক রহমানের সঙ্গে তার নামও আসামির তালিকায় যুক্ত হয়। পরে ২০১৮ সালের ১ অক্টোবর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট রায়ে তাকে খালাস দেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। এর মধ্যে গত বছরের ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি। ২১ আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক আদালত।
২০২৫ সালের ১৬ জানুয়ারি সব মামলা থেকে মুক্তি পান বাবর। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে দীর্ঘ সাড়ে ১৭ বছরের কারাবাসের অবসান ঘটে তার।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
