, | |

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে সরে দাঁড়ালো ছাত্রদল


সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের নেতৃবৃন্দ।
প্রকাশের সময় :১১ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১৬ : অপরাহ্ণ

ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে অনিয়মের অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করে বলেন, আমাদের ভিপি প্রার্থীকে তাজুদ্দিন হলে ঢুকতে দেওয়া হয়নি। তালিকায় ভোটারদের ছবি নেই, ২১ নম্বর হলে মব সৃষ্টি করা হয়েছে। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে। সব হলে আমাদের পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হয়নি।

এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে তিনি বলেন, জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে কেনা ওএমআর মেশিনে ভোট গণনা বাতিল করা হলেও তার দেওয়া ব্যালট দিয়ে ভোটগ্রহণ হচ্ছে। ফলে এটি একটি পাতানো নির্বাচন। তাজুদ্দিন হলে ভোটার লিস্টে কারো ছবি নেই। যার ফলে দুই ঘণ্টা ওই হলে ভোটগ্রহণ বন্ধ ছিল।

তানজিলা হোসাইন বৈশাখীর অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সাথে আঁতাত করেছে। জাকসুতে কোনোভাবে সুষ্ঠু ভোটগ্রহণ হচ্ছে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। এটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন। প্রহসনের নির্বাচন। এসবের প্রতিবাদে আমরা ভোট বর্জনে বাধ্য হচ্ছি।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। ১৯৭১ সালে যাত্রা শুরুর পর ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠিত হয়। তবে ৫৩ বছরের যাত্রাপথে নির্বাচন হয়েছে মাত্র ৯ বার। সর্বশেষ ১৯৯২ সালের নির্বাচনে ছাত্রদল একচেটিয়া জয় পায়। কিন্তু ১৯৯৩ সালে সিন্ডিকেট নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর জাকসুর ছাত্রদের একাংশের হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য জাকসু ভেঙে দেন। সেই থেকেই বন্ধ ছিল কার্যক্রম।

আরও পড়ুন: জাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর