, | |

মূলপাতা দেশজুড়ে

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ


মুফতি গিয়াস উদ্দিন তাহেরী
প্রকাশের সময় :১১ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০২ : অপরাহ্ণ

দেশের আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তার নামে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীসহ এ মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি আরও ৫০-৬০ জন। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগর থানাধীন ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জশনে জুলুস চলাকালে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। ওই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

এ মামলায় গতকাল বুধবার ভোরে পুলিশ উপজেলার শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) ও ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, হেফাজতের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন: যে কারণে শিবিরের ভূমিধস জয় আর ছাত্রদলের ভরাডুবি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর