বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

জাকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে


মীর মশাররফ হোসেন হলে ভোট প্রদান করছেন এক শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। এতে ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বামপন্থি সংগঠন, স্বতন্ত্রসহ আট প্যানেলে ভাগ হয়ে শিক্ষার্থীরা ভোট করছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে একযোগে ভোট চলছে। নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন ও ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। একজন ভোটার ভোট দেবেন ৪০টি করে; কেন্দ্রীয় সংসদে ২৫টি ও আবাসিক হল সংসদে ১৫টি পদে।

সরেজমিনে দেখা যায়, জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শান্তিপূর্ণ ভোটের জন্য নেওয়া হয়েছে সব প্রস্তুতি। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে কেন্দ্রের কাছে লিফলেট দেওয়া নিয়ে বেশ কয়েকবার উত্তেজনা সৃষ্টি হয়। নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকরা তা থামিয়ে দেন। শিক্ষার্থীরা ভোট প্রদান করলেও নেই লাইন। ভোটাররা আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন।

 

নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য লড়ছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইসঙ্গে ২১টি হল সংসদের ৩১৫টি পদের জন্য ৪৭৭ জন প্রার্থী হয়েছেন।

ভিপি পদে ৯ জনের মধ্যে আলোচনায় রয়েছে চারজন প্রার্থী। ছাত্রদল সমর্থিত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ পরিষদ’ থেকে মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদী ও শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে আরিফ উল্লাহ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’র আরিফুজ্জামান উজ্জ্বল ও ’২৪ আন্দোলনে নেতৃত্ব দেওয়া ‘স্বতন্ত্র শিক্ষা সম্মিলন’র আব্দুর রশিদ জিতু।

জিএস পদে আটজনের মধ্যে আলোচনায় রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলে তানজিলা হোসাইন বৈশাখী, ছাত্রশিবির থেকে মাজহার ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু তৌহিদ মো. সিয়াম এবং ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে মো. শাকীল আলী অন্যতম।

ধারণা করা হচ্ছে, ছাত্রশিবির, ছাত্রদল, নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

এদিকে জাকসু নির্বাচনে ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও তা ম্যানুয়ালি অর্থাৎ হাতে গোনা হবে। ডাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে সমালোচনা হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালে যাত্রা শুরুর পর ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠিত হয়। তবে ৫৩ বছরের যাত্রাপথে নির্বাচন হয়েছে মাত্র ৯ বার। সর্বশেষ ১৯৯২ সালের নির্বাচনে ছাত্রদল একচেটিয়া জয় পায়। কিন্তু ১৯৯৩ সালে সিন্ডিকেট নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর জাকসুর ছাত্রদের একাংশের হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য জাকসু ভেঙে দেন। সেই থেকেই বন্ধ ছিল কার্যক্রম।

আরও পড়ুন: ডাকসুর ভিপি, জিএস ও এজিএস পদে শিবিরের জয়জয়কার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর