বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান সিসা বার থেকে গ্রেপ্তার


সেলিম প্রধান

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ

ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোররাত চারটার দিকে রাজধানীর বারিধারার ‘নেক্সাস ক্যাফে’ নামের একটি সিসা (হুক্কা লাউঞ্জ) বার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন গণমাধ্যমকে বলেন, সেলিম প্রধান বারিধারার ১২ নম্বর রোডে ‘নেক্সাস ক্যাফে’ নামে সিসার ব্যবসা পরিচালনা করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাকেসহ আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে ৬.৭ কেজি সিসা, সাতটি স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে সিসা বা হুক্কা স্বাস্থ্যসম্মত বা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী দেশে সিসা বার পরিচালনার কোনো বৈধ অনুমতি নেই।

এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছর সাজাও খেটেছেন।

জানা গেছে, সেলিম প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের সাজা হয়। সেই মামলায় দীর্ঘদিন জেলেও ছিলেন। ৫ আগস্টের পর তিনি জামিনে মুক্ত হন। জামিনে বেরিয়ে আবারও নানা অবৈধ কর্মকাণ্ড শুরু করেন।

২০২৪ সালে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেলিম প্রধান। কিন্তু ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় পরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

আরও পড়ুন: ডিসকো শওকত পরিবারের অ্যাকাউন্টে টাকার পাহাড়

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর