, | |

মূলপাতা বিএনপি

৪৮ বছরে পা দিলো বিএনপি


প্রকাশের সময় :১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০২ : পূর্বাহ্ণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে এই দল গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উতরাই পেরিয়ে দলটি ৪৮ বছরে পা দিলো।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসেন তারই সহধর্মিণী খালেদা জিয়া। ১৯৮৩ সালের ১৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়ার আত্মপ্রকাশ হয়। ১৯৮৩ সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হন এবং ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।

১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যার পর দলের নেতৃত্বে আসেন খালেদা জিয়া। তার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনে জয়ী হয়ে ১৯৯১ সালে বিএনপি বিপুল সমর্থনে সরকার গঠন করে। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন সরকার একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে। কিন্তু আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর প্রতিবাদে মাত্র ৪৫ দিন টিকতে পারে সেই সরকার। ২০০১ সালে অষ্টম জাতীয় নির্বাচনে জিতে আবারও সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। ওই সরকারই ছিল বিএনপির শেষ রাষ্ট্র ক্ষমতা।

 

এরপর দলটি দীর্ঘ সময় কাটিয়েছে আন্দোলনের রাজনীতিতে। ২০০৭ সাল থেকে টানা ১৯ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে আছে বিএনপি। গত দেড় যুগ ধরে সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল পেরিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এক অসামান্য সুবর্ণ সময়ের পটভূমিতে ফিরে এসেছে বিএনপি।

বিগত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। দুই বছরের বেশি সময় কারাভোগের পর শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয় আওয়ামী লীগ সরকার। আর বিগত বছরের ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া মামলা, কারাভোগ ও পরে অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নেই। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তিনি ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকেই দল পরিচালনা করছেন।

দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে তারেক রহমান বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।

৪৮-এ পা দেওয়া ও প্রায় ৫০ ছুঁইছুঁই বয়সী বিএনপির প্রতিবার্ষিকীতে বিশ্লেষকরা মনে করেন, জনআকাঙ্ক্ষা অনুধাবন ও সে অনুযায়ী এগিয়ে যাওয়াই এখন বিএনপির অন্যতম চ্যালেঞ্জ।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে-পতাকা উত্তোলন, শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, জেলা ও মহানগরে আলোচনা সভা ও র‌্যালি, নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, উপজেলা ও পৌরসভায় কর্মসূচি, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান ও ঢাকায় গোলটেবিল আলোচনা। এ ছাড়া বিশেষ ক্রোড়পত্র ও পোস্টারও প্রকাশ করেছে দলটি।

আরও পড়ুন: ১৬ বছর ধরে লন্ডনে যে রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর