, | |

মূলপাতা বিএনপি

নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানালো বিএনপি


প্রকাশের সময় :২৮ আগস্ট, ২০২৫ ৭:১৫ : অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পৃথক পৃথক প্রতিক্রিয়ায় এ কথা জানান।

আজ বৃস্পতিবার জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোডম্যাপ ঘোষণ করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় ‘বিএনপি খুশি’ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি যে, এই রোডম্যাপ থেকে বুঝা যায় যে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহন করেছে। মূল কথা হচ্ছে যে, আমরা খুশি, উই আর হ্যাপী।

রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘জি’।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। যারা নির্বাচনে বাধা দেওয়া কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন, যারা হটকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিকেলে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘ইলেকশনের রোডম্যাপ আজকে একটা এসেছে, এটা সুসংবাদ। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক এবং এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, একাউন্টেবল থাকবে। আমি বলতে চাই, জনগণ তাদের সিদ্ধান্ত যেগুলো এখন স্থগিত রাখছে, সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে, আই ক্যান ফিল ইট অলরেডি।’

আরও পড়ুন: আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর