সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান ইসহাক দার। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন ও খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার।
জানা গেছে, সাক্ষাতকালে পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ডা. জাহিদ বলেন, আগামীতে পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়-এসব নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। যা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আজ দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানি মন্ত্রী। পরে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়। বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।
এর আগে গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: পুরোনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা
