পিআর, সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড ও সবার ভোটাধিকার নিশ্চিত করেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে যেতে হবে জানিয়েছে জামায়াতে ইসলামী। এসব শর্ত ও দাবি পূরণ না হলে ‘নির্বাচন হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এমনকি এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলেও জামায়াতের আপত্তি নেই। আমাদের পক্ষ থেকেই ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন দেওয়ার দাবি করা হয়েছিল।
দলের দাবি প্রসঙ্গে এই জামায়াত নেতা বলেন, আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথা জোরালোভাবে বলছি, সবার সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করতে হবে, যেটা এখনো অনুপস্থিত আছে।
হামিদুর রহমান আযাদ বলেন, ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো দৃশ্যমান নয়। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। যেটা এখনো অনুপস্থিত। আমাদের এ উদ্বেগ নিরসনে কাজ করা হচ্ছে বলে ইসি আশ্বস্ত করেছে।
পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কি না-এমন প্রশ্নের জবাবে জামায়াতের সাবেক এ সংসদ সদস্য বলেন, ফেয়ার ইলেকশনের ব্যাপারে আমরা সবসময় সিনসিয়ার ছিলাম। পিআর পদ্ধতিটা আমরা মনে করি দেশের জন্য কল্যাণকর হবে। এটি বেস্ট পদ্ধতি, যা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। পিআর পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে। সময়ই উত্তর দেবে। এজন্য আমরা জনমত গঠন করবো।
এই জামায়াত নেতা বলেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো এনসিউর করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে। অন্যথায় নির্বাচন হবে না।
আরও পড়ুন: পরবর্তী সরকারে কোনো পদে থাকবো না: ড. ইউনূস
