নির্বাচনী হাওয়া বইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। ডাকসু নির্বাচনে এবার বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে।
জানা গেছে, ডাকসু নির্বাচনে গতকাল সোমবার পর্যন্ত ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। এ ছাড়া ১৮টি হল থেকে হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ২২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার ফরম কেনা এবং আগামীকাল বুধবার জমা দেওয়ার শেষদিন।
ভোটযুদ্ধে ৮টি প্যানেল
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে গতকাল আটটি প্যানেল আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। প্যানেলগুলো হলো- ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, ছাত্রদল সমর্থিত প্যানেল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল’, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল, বাম ছাত্রসংগঠনগুলোর গণতান্ত্রিক ছাত্রজোট সমর্থিত প্যানেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ এবং এনসিপির নেতা যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের নেতৃত্বে ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল।
ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’
ডাকসু নির্বাচনে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুুদ্র নৃগোষ্ঠী, জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদের রাখা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং অফিসারের কক্ষের সামনে মনোনয়নপত্র সংগ্রহের পর প্যানেলের শীর্ষ তিন পদের নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। বাকি পদগুলোর নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা হলেন-সহসভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ হোসাইন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান।
ছাত্রদল
ডাকসু নির্বাচনে এখনো প্যানেল চূড়ান্ত করা হয়নি ছাত্রদলের। তবে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা। দুপুরের পর থেকে তিন ধাপে ভাগ হয়ে প্রধান রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁরা।
ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, তাদের প্যানেল এখনো চূড়ান্ত করা হয়নি। তবে দল থেকে আগ্রহী শিক্ষার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে তাঁরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে গত রাতের মধ্যে প্যানেল চূড়ান্ত হতে পারে বলে জানান তারা।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ নিয়ে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের প্যানেলের নাম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। আজ বিকেলে পূর্ণাঙ্গ প্যানেলটি সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। এই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করবেন আব্দুল কাদের, সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সহসাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন।
গণতান্ত্রিক ছাত্র জোট
বাম ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোটও পূর্ণাঙ্গ একটি প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে। গতকাল প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারাও মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে তাদের প্যানেলের চূড়ান্ত নাম ও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
গতকাল মনোনয়নপত্র সংগ্রহের সময় জানা যায়, তাদের এই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করবেন ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের শামসুন নাহার হলে নির্বাচিত সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।
ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’
ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন সাবিনা ইয়াসমিন। সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব রাকিবুল ইসলাম।
ডিইউ ফার্স্ট
‘ডিইউ ফার্স্ট’ নামের স্বতন্ত্র প্যানেলের সহসভাপতি পদে নির্বাচন করবেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন মুহাম্মদ খালিদ, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও সহসাধারণ সম্পাদক পদে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ইসলামী ছাত্র আন্দোলন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে তারা প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এই প্যানেলে সহসভাপতি পদে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক পদে সংগঠনটির কেন্দ্রীয় সহসম্পাদক খায়রুল আহসান মারজান এবং সহসাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনের নির্বাচন করবেন।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সহসভাপতি পদে নির্বাচন করবেন। তাদের প্যানেলের নাম হতে পারে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’। তবে প্যানেলের নাম আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হতে পারে। প্যানেলের সাধারণ সম্পাদক পদে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়া বা বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।
উল্লেখ্য, ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। ২৮ বছরের অচলায়তন ভেঙে সেই বছরের ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২০ সালে এর মেয়াদ শেষ হওয়ার পরে গত পাঁচ বছরে কোনো নির্বাচন দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আওয়ামী সরকারের পতন এবং শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে গত ২৯ জুলাই ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।
পাঁচ বছর পরে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছ্বাস বাড়ছে।
আরও পড়ুন: জাতীয় পার্টি জিন্দা লাশ, ফোনালাপে হাসিনা
