বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

ধানমন্ডি ৩২ নম্বর থেকে ফেসবুকে লাইভ, আ.লীগের দুই কর্মীকে গণপিটুনি


ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মীকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র-জনতা।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৪ আগস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে দুই আওয়ামী লীগ কর্মী ফেসবুকে লাইভ করার সময় তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, দুই আওয়ামী লীগ কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ সম্প্রচার করছিলেন। তল্লাশির পর তাদের আওয়ামী লীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। নিরাপত্তা বিধি অমান্য এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

এর আগে ১৫ আগস্ট উপলক্ষে আজ রাতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নেয় ছাত্র-জনতা।

৩২ নম্বরে উপস্থিত কয়েকজন ব্যক্তি জানান, শেখ হাসিনার ছেলে জয় আজ বুধবার আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য তারা এখানে অবস্থান নিয়েছে। যাদেরকে পিটুনি দেওয়া হয়েছে তারা আওয়ামী লীগের দোসর। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত জনতা ‘আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান’ এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে, কোনো নিষিদ্ধ সংগঠন বা অনধিকার প্রবেশকারী সমবেত হতে পারবে না। পুলিশ, র‍্যাব, আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা এলাকায় পাহারায় রয়েছেন।

পুলিশ জানিয়েছে, কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করলে তাকে আইনের আওতায় আনা হবে।

সরেজমিন দেখা যায়, আজ বিকেল থেকেই ধানমন্ডি ৩২-এর প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তল্লাশি ছাড়া কাউকেই ওই সড়কে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিকে রাতে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।

ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, ‘কেউ যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা নাশকতা করতে না পারে, সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পর্যাপ্তসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

আরও পড়ুন: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর