, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী


এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রকাশের সময় :১২ আগস্ট, ২০২৫ ৯:৪৭ : পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে ঘোষণা করেছে। মূলত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না।

আজ মঙ্গলবার বিকেলে এনসিপির যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ এ তিনি এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতোগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কী ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কী ছিল?’

এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যেই ভাইয়েরা শহীদ হয়েছিল, সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল সেসব মরদেহ সরকারের ফেরত দিতে হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, সংস্কার কাজ শেষ না করে যদি নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, একটা নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে।’

আন্দোলনে আহত-নিহতদের পরিবারের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘অনেক বাচ্চাকে দেখেছি, এখনো বুকের দুধ পান করে, কিন্তু বাবা শহীদ হয়েছেন। তাদের সাথে যখন কথা বলেছি, তাদের মুখে কোনো ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। যে চোখের ভাষা ছিল অশ্রু।’

সংবাদমাধ্যমের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘‘গণমাধ্যম আগে ছিল ‘হাসিনামাধ্যম’, এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না। গণ-অভ্যুত্থানের পরে সকল মিডিয়ার সম্পাদকের সঙ্গে বসেছিলাম, তাদেরকে একটা কথা বলেছিলাম, যা আকাম করেছেন, ঘরের ভিতরে বসে থাকেন। যদি লজ্জা থাকে, ঘরের ভেতর থেকে বের হবেন না। কিন্তু তাদের লজ্জা নাই। তারা বারবার বাংলাদেশের মানুষদের ধোঁকা দিয়ে যাচ্ছে।’’

আয়নাঘর ও একটি গোয়েন্দা সংস্থার কাজের সমালোচনা করে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, ‘একটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দেশে আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে। তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না। তাদের কোনো দায়িত্ববোধ নাই, জবাবদিহি নাই, স্বচ্ছতা নাই। তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করে কিছু হলেই আয়নাঘরে তুলে নিয়ে যাওয়া। আপনাদের আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয়, ডিজিএফআইর হেডকোয়ার্টার আমরা ভেঙে দেবো। যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশ যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটার সংস্কার করতে হবে।’

 

সম্মেলনের যুবকদের উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আর একটা ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে এখনো, বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরে হবে ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর