রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অনুষ্ঠানস্থলে মঞ্চের পাশে থাকা একটি স্পিকারের তারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এদিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিক মিয়া এভিনিউ থেকে গ্যাস বেলুন বিস্ফোরণে এখন পর্যন্ত আমাদের এখানে দশজন এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারে করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার আকৃতির শতাধিক বেলুন ওড়ানো হয়।
শেখ হাসিনা পালানোর ইতিহাস স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। এ দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ড্রোন শো। বিভিন্ন ব্যান্ড দলের গানে গানে মাতছেন অনুষ্ঠানে আসা হাজারো ছাত্র-জনতা।
তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে। আগত ছাত্র-জনতা কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উদযাপন করছেন। অনেকে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজে গানে গানে মাতছেন। অনুষ্ঠান উদযাপন সকল শ্রেণিপেশার মানুষ যোগ দিয়েছেন।
আরও পড়ুন: জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর
