জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
আজ বুধবার জামায়াত আমীরের ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ এনজিওগ্রাম হয়। এনজিওগ্রামে তার হার্টে ৩টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
নজরুল ইসলাম জানান, জামায়াত আমীরকে দলীয়ভাবে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিলো। কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে। ডা. শাফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত চিকিৎসকের মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অপারেশন করা হবে। আগামীকাল অপারেশনের দিনক্ষণ নির্ধারণ হবে। তাকে (আমীর) ব্যক্তিগত চিকিৎসকের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বারবার সিঙ্গাপুর অথবা দেশের বাইরে অপারেশন করার কথা বললেও তিনি সেটি জোরালোভাবে না করে দেন। তিনি দেশের চিকিৎসায় আস্থা রাখতে চান। দেশে যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটাতেই এই অপারেশন করতে চান তিনি।
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জানা যায়, ঘটনার দিন বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম দফায় পড়ে যান ডা. শফিকুর রহমান। এরপর উঠে বক্তব্য দিতে থাকেন। পরে আবার পড়ে যান, পরে বসে বক্তব্য দেন। চিকিৎসকরা বক্তব্য দিতে নিষেধ করলেও তিনি শোনেননি। এ সময় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। তখন কেন্দ্রীয় নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ডা. শফিকুর রহমান বসে বসে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন।
সমাবেশ শেষে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই বাসায় ফেরেন তিনি।
আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা, ঢাকায় প্রশিক্ষণ
