চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক চারটি চেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে কলাবাগান থানায় পৃথক একটি মামলা দায়ের করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, ভুক্তভোগী আগেই যদি পুলিশকে জানাতেন তাহলে এই অপরাধটা ঠেকানো যেতো। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি কী কারণে তাঁরা চাঁদা দিয়েছিলেন। তাদের কোনো দুর্বলতা ছিল কিনা।
গত ২৭ জুলাই বিকেলে রিয়াদসহ অন্য আসামিদের আদালতে তোলা হয়। চাঁদা দাবির অভিযোগে করা মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, সম্প্রতি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন পাঁচ যুবক। তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসেন। এরপর তারা আবার ওই বাসায় যান স্বর্ণালংকার আনতে। সেসময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শাম্মি আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১৭ জুলাই আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে বাদীর গুলশান-২ এর বাসায় হুমকি-ধমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চাঁদা দাবি করেন। অপারগতা প্রকাশ করলে তাকে আওয়ামী লীগের ও স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন। ভয়ে তাদের ১০ লাখ টাকা দেন। পরে ১৯ জুলাই পুনরায় বাকি ৪০ লাখ টাকা জন্য আসেন। সেদিনও হুমকি দিয়ে চলে যান। এরপর গত ২৬ জুলাই চাঁদা নিতে এলে গুলশান থানা পুলিশ পাঁচজনকে আটক করে।
আরও পড়ুন: আ.লীগ সরকারের গোমর ফাঁস করলেন সাবেক আইজিপি মামুন
