রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মারা যাওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মৃতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
মর্মান্তিক এ দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় মারা যান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষিকা মাহরীন চৌধুরী (৪৪) ও মাসুকা বেগম (৩৮)। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত দেড় শতাধিক। দগ্ধ ও আহতদের অনেকে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আটক
