রাশিয়ার পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৫০ জনেরই মৃত্যু হয়েছে। চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের বিমানটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলে যায় এটি। বিমানটির মূল অংশে আগুন লাগে।
বিরূপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পায়। এটি সোভিয়েত আমলে বানানো উড়োজাহাজ। বয়স আনুমানিক ৫০ বছর।
রাশিয়ার আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা এবং ফায়ার সেইফটি সেন্টার সংবাদসংস্থা তাসকে বলেছে, আকাশপথে ঘটনাস্থল পরিদর্শনের সময় জীবিত কোনো ব্যক্তিকে দেখা যায়নি।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।
টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
