, | |

মূলপাতা রাজধানী

উত্তরায় বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭


প্রকাশের সময় :২২ জুলাই, ২০২৫ ৯:১৮ : পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে ২৫ জন শিশু। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৮ জন, তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

ডা. সায়েদুর রহমান বলেন, ‘সারা রাত হাসপাতালগুলোতে চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছেন। এরপরও এই ঘটনায় বেশ কিছু প্রাণ ঝরে গেছে। এ মুহূর্তে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৭৮ জন। এদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ৪২, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৮ ও ঢাকা মেডিকেলে ৩ জন ভর্তি।’

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ১০ জনের মৃত্যু হয়েছে। সিএমএইচ-এ সব মিলিয়ে ১৫ জন মারা গেছেন। এ ছাড়া, ঢাকা মেডিকেলে ১ জন, ইউনাইটেডে ১ জনসহ সব মিলিয়ে ২৭ জন মারা গেছেন। এ ছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে একটি দেহাবশেষ রয়েছে। তবে সেটি পূর্ণাঙ্গ মরদেহ নাকি অন্য কোন লাশের অংশ সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু। একজন শিক্ষিকা এবং একজন পাইলট।’

 

ডা. সায়েদুর রহমান বলেন, ‘২৭টি লাশের মধ্যে ২০টি লাশ হস্তান্তর করা হয়েছে। এখনো ৬টি লাশ এবং উত্তরা আধুনিক হাসপাতালে থাকা দেহাবশেষ শনাক্ত হয়নি। এগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।’ তিনি জানান, এই আহত ৭৮ জন রোগীর কেস সামারি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেগুলো পর্যালোচনা করছেন। যদি তারা মনে করেন, এখান থেকে কাউকে পাঠানো প্রয়োজন, তাহলে সে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, আপাতত হাসপাতালগুলোতে খুব বেশি রক্তের প্রয়োজন নেই। এ জন্য হাসপাতালগুলোতে ভিড় না করতে অনুরোধ করেন তিনি।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২০ জন। এ ছাড়া, পরিচয় শনাক্ত হওয়ায় আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার রাত দেড়টার দিকে এ তথ্য জানায় আইএসপিআর।

প্রসঙ্গত, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান গতকাল সোমবার বেলা একটার দিকে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

মাইলস্টোনের ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

আরও পড়ুন: জীবনের বিশেষ দিনে চলে গেলেন পাইলট তৌকির

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর