বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

বিমান দুর্ঘটনার তথ্য লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান


আজ কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে সাংবাদিকদের ব্রিফ করেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২২ জুলাই ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার তথ্য নিয়ে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

তিনি বলেছেন, ‘দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করবো। আমরা সবাই দেশের মানুষ।’

আজ মঙ্গলবার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে মিডিয়া ব্রিফিয়ে তিনি এ কথা বলেন। কুর্মিটোলোয় বীর উত্তম এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটিতে ওই ব্রিফিং হয়।

দেশবাসীর উদ্দেশে বিমান বাহিনী প্রধান বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনী গুরুত্বপূর্ণ। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। হতাহতের বিষয়ে যখনই কোন তথ্য পাওয়া যাচ্ছে তা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মাধ্যমে প্রকাশ করা হচ্ছে।

পুরোনো বিমানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ খাঁন বলেন, ‘প্রতিটি বিমানের একটি নির্ধারিত কার্যক্ষম সময় থাকে, সাধারণত ৩০ বছর। এই সময়ের মধ্যেই আমরা বিমানের প্রস্তুতকারী দেশ বা কোম্পানির মান অনুযায়ী রক্ষণাবেক্ষণ করি। বিধ্বস্ত বিমানটি পুরোনো ছিল না, তবে এর প্রযুক্তি কিছুটা পুরোনো হতে পারে। রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা ব্যবস্থাপনায় আমরা কখনোই আপস করি না।’

বিমান বাহিনী প্রধান বলেন, ‘বিমান বিধ্বস্তের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল। কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’

বিমানটিকে একটি খালি জায়গায় নেয়ার জন্য পাইলট তৌকির ইসলাম সর্বোচ্চ চেষ্টা করেছিলেন উল্লেখ করে হাসান মাহমুদ খাঁন বলেন, ‘পাইলট যখন বুঝতে পারছিলেন, বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনো তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন সেটিকে কোনো খালি মাঠে নামাতে। কিন্তু তার সেই শেষ প্রচেষ্টা সফল হয়নি। বিমানটি একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই মূল্যবান সময়ে জরুরি নির্গমনের প্রক্রিয়া বিলম্বিত হয়। পরে নিজের জীবন উৎসর্গ করতে হয় পাইলটকে।’

আরও পড়ুন: জীবনের বিশেষ দিনে চলে গেলেন পাইলট তৌকির

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর