বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

সচিবালয়ে ঢুকে পুলিশ সদস্যকে পেটালেন শিক্ষার্থীরা


সচিবালয়ের ভেতরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবন-৫ এর সামনে পুলিশ সদস্যকে পেটান শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২২ জুলাই ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় সচিবালয়ের ভেতরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবন-৫ এর সামনে পুলিশ সদস্যকে পেটান একদল শিক্ষার্থী। সংঘর্ষে প্রায় ৪০ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে দিকে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন। তারা সচিবালয়ের ভেতরে থাকা গাড়ি ভাঙচুর করেন। এ সময় সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলে শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে চলে যান। তখন সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন।

সচিবালয়ে ঢুকে পুলিশ সদস্যকে পেটালেন শিক্ষার্থীরা

এর আগে দুপুর থেকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী সি আর আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সাইন্সল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন।

 

বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন। পরে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান তারা।

এ সময়ের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবন-০৫ এর সামনে পুলিশ সদস্যকে পেটাচ্ছেন একদল শিক্ষার্থী। পরে পুলিশ সদস্যরা ছাত্রদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সচিবালয়ের সামনে আসার পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনার জন্য ২০ মিনিটের সময় নেন। কিন্তু এই সময় অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। পরে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’-এমন স্লোগান দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: জীবনের বিশেষ দিনে চলে গেলেন পাইলট তৌকির

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর