বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে অচেনা নম্বর থেকে আসে এক ফোনকল। তাতে অপর প্রান্ত থেকে বলা হয়-‘ফ্লাইটে বোমা রয়েছে, উড়াল দিলেও তা বিস্ফোরিত হবে’। ফোনে এমন হুমকির পর বিমানটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিমানটিতে তল্লাশি চালানো হয়। তবে বিমানে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। বোমা আতঙ্কে কাঠমান্ডুগামী ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের তাৎক্ষণিকভাবে সবাইকে বিমান থেকে নামিয়ে আনা হয়।

বর্তমানে বিমানটি শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল ৩-এ অবস্থান করছে। বিমানটিতে তল্লাশি চালায় ক্রাইসিস রেসপন্স টিম এবং কে-নাইন পুলিশ টিম।
এদিকে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। বিমানবন্দরে সর্বোচ্চ সতর্ক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে জানান, একটি অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসান মাসুম জানান, বিমান থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এখন বোম্ব ডিসপোজাল টিম তল্লাশি চালাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থাও কাজ করছে।
বিমানবন্দর সূত্র জানায়, এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু ও সহযোগী হতে চায় চীন
