, | |

মূলপাতা আইন-আদালত

এস আলম পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব-শেয়ার অবরুদ্ধ


এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।
প্রকাশের সময় :১০ জুলাই, ২০২৫ ৬:৩৭ : অপরাহ্ণ

দেশের বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এস আলম নামে পরিচিত সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে সিঙ্গাপুরে এক বিলিয়ন ডলার ‘পাচারের’ অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেখানে পরিবারের সদস্যসহ তার ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করার জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

অবরুদ্ধ সম্পদের মধ্যে সিঙ্গাপুরে সাইফুল আলমের ৪০টি ব্যাংক হিসাব, তার স্ত্রী ফারজানা পারভীনের ছয়টি ব্যাংক হিসাব এবং সিঙ্গাপুরে তাদের নামে থাকা আটটি কম্পানির শেয়ার, ছেলে আশরাফুল আলমের সাতটি ব্যাংক হিসাব ও একটি কম্পানির শেয়ার, ছেলে আহসানুল আলমের সাতটি ব্যাংক হিসাব ও একটি কম্পানির শেয়ার, ছেলে আসাদুল আলম মাহির একটি ব্যাংক হিসাব, তার শ্যালক আহমেদ বেলালের দুটি ব্যাংক হিসাব ও বোন মাইমুনা খানমের একটি ব্যাংক হিসাব রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয় একই আদালত।

গত ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। গত ১২ ফেব্রুয়ারি ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ দেয় আদালত। এসব শেয়ারের মূল্য ৫ হাজার ১০৯ কোটি টাকা। গত ২৩ ফেব্রুয়ারি তাদের আট হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

গত ১০ মার্চ এস আলমের এক হাজার ৬ বিঘা জমি জব্দের আদেশ দেয় আদালত। গত ৯ এপ্রিল তার ৯০ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। একই দিন আদালত তার ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। গত ১৭ এপ্রিল এস আলমের এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে।

গত ২৩ এপ্রিল তার ৪০৭ কোটি টাকা মূল্যের ১৫৯ একর জমি জব্দের আদেশ দেয় আদালত। গত ২৭ এপ্রিল সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৫৫৯ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের এক হাজার ১৪ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। গত ১৭ জুন তাদের ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর জমি জব্দের আদেশ দেয় আদালত। গত ২৪ জুন জব্দের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে থাকা ১৮ কম্পানির শেয়ার ও জার্সিতে থাকা ছয়টি ট্রাস্ট কম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়।

গত ১০ জুলাই সাইফুল আলমের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবের ১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা অবরুদ্ধ করা হয়।

আরও পড়ুন: ‘পৃথিবীতে এস আলমের মতো কেউ ব্যাংক ডাকাতি করেনি’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর