রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২৩ জুন ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ
ইরান থেকে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাতার ও ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর দিকে।
আজ সোমবার বিবিসি, আল জাজিরা, রয়টার্স, ইরানের প্রেস টিভি ও ইরাকের গণমাধ্যম এ খবর জানিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, কাতারে ৬০ একর ভূমিজুড়ে মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটি বিস্তৃত। রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমে এটি অবস্থিত। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ‘ফরোয়ার্ড সদর দপ্তর’।
ইরাকের গণমাধ্যম জানিয়েছে, ইরাকে অবস্থিত মার্কিন ‘আই আসাদ ঘাঁটিতে’ ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও সংবাদমাধ্যম জানিয়েছে।
এর আগে গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল আক্রমণ’ চালিয়েছে।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এরপর তেহরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়। পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। উভয়পক্ষই হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতি স্বীকার করেছে।
প্রতিশোধমূলক অভিযানের সাফল্য দাবি করে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধী সরকারের স্পষ্ট সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে মার্কিন আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসাবে বর্ণনা করা হয়েছে। আরও বলা হয়েছে যে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদ এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর (পিবিইউএইচ) এর নির্দেশে, ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি), পবিত্র কোড ‘ইয়া আবা আব্দিল্লাহ আল-হুসাইন (আঃ)’ ব্যবহার করে কাতারের আল উদেইদ ঘাঁটিতে একটি শক্তিশালী এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এই ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনী কমান্ডের সদর দপ্তর হিসেবে কাজ করে এবং পশ্চিম এশিয়ায় আমেরিকান সামরিক বাহিনীর সবচেয়ে কৌশলগত সম্পদের প্রতিনিধিত্ব করে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, হোয়াইট হাউস এবং তার মিত্রদের কাছে সশস্ত্র বাহিনীর জাতির পুত্রদের এই সিদ্ধান্তমূলক পদক্ষেপের বার্তা স্পষ্ট এবং সরাসরি।
আরও পড়ুন: যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, ইরানকে প্রস্তাব
