, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে, ‘কঠোর বার্তা’ খামেনির


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
প্রকাশের সময় :১৮ জুন, ২০২৫ ৬:৩১ : অপরাহ্ণ

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের শুরুতেই তিনি ‘কঠোর বার্তা’ দিয়ে বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে।

আজ বুধবার ইরানের তাসনিম নিউজের বরাতে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

খামেনি দৃঢ়ভাবে বলেন, ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি-কোনোটাই মেনে নেবে না ইরান। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না।’

ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, ‘ইরান চাপিয়ে দেওয়া যেকোনো যুদ্ধের মতোই চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে। এই জাতি কারও চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না।’

খামেনি বলেন, ‘যারা ইরান ও এর ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে যে ইরানিদের হুমকির ভাষায় কোনো উত্তর পাওয়া যায় না।’

খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘মার্কিনিদের জানা উচিত, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় পরিণতি বয়ে আনবে। ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে।’

এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘‘আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।’’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ-আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়। কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।’

উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ভেতরে অতর্কিত হামলা চালায়। ওই দিনই সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল আয়াতুল্লাহ খামেনিকে। এরপর এটাই তার প্রথম প্রকাশ্য বক্তব্য।

তীব্র উত্তেজনার এই সময়ে তার ভাষণকে ঘিরে দেশ-বিদেশে বাড়ছে আগ্রহ।

আরও পড়ুন: ট্রাম্পের হুমকির পর যুদ্ধের ঘোষণা দিলেন খামেনি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর