যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না, এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি এটা করতে পারি, আবার আমি না-ও করতে পারি। কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’
হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেছেন। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি যাচ্ছে কি না-জানতে চাইলে জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা বলতে পারি না…আপনি কি সত্যিই ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি?’
ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছি কি না। আমি এটা করতে পারি, আবার না-ও করতে পারি। মানে, কেউ জানে না আমি কী করতে যাচ্ছি।’
ইরান অনেক সমস্যায় পড়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, ‘কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করোনি-এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করোনি?’
ট্রাম্প বলেন, ‘আমি জনগণকে বলেছিলাম, কেন তোমরা দুই সপ্তাহ আগে আমার সঙ্গে আলোচনা করোনি? তোমরা ভালো করতে পারতে। তোমাদের একটি দেশ থাকতো।’
এদিকে আজ বুধবার ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে।
খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘মার্কিনিদের জানা উচিত, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় পরিণতি বয়ে আনবে। ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে।’
এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ‘‘আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।’’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ-আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়। কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।’
উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ভেতরে অতর্কিত হামলা চালায়। ওই দিনই সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল আয়াতুল্লাহ খামেনিকে। এরপর এটাই তার প্রথম প্রকাশ্য বক্তব্য।
তীব্র উত্তেজনার এই সময়ে তার ভাষণকে ঘিরে দেশ-বিদেশে বাড়ছে আগ্রহ।
আরও পড়ুন: ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে, ‘কঠোর বার্তা’ খামেনির
