, | |

মূলপাতা রাজধানী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত


জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রকাশের সময় :৭ জুন, ২০২৫ ৮:৩৪ : পূর্বাহ্ণ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এই ঈদ জামাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত এই ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। নামাজ শুরুর কিছুক্ষণ আগে, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ঈদগাহ ময়দানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঈদগাহের প্রথম জামাতে নামাজ আদায় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

এ ছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিকসহ হাজারো মানুষ অংশ নেন। নামাজ শেষে খুতবা ও বিশেষ মোনাজাতে দেশের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং জাতির মঙ্গল কামনা করা হয়।

ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিরা ভোর থেকেই জাতীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। নামাজ শুরুর আগেই পুরো মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ঈদের প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্য ছিল পৃথক নামাজ আদায়ের জায়গা। এছাড়া, শিশুদেরও জামাতে অংশ নিতে দেখা গেছে।

জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় ছিলেন। জামাত চলাকালীন ছিল কড়া নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা।

আরও পড়ুন: ত্যাগ ও আনন্দের ঈদ আজ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর