, | |

মূলপাতা আইন-আদালত

নিজের গুম নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দিলেন সালাহউদ্দিন


চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে গুমের অভিযোগ তুলে দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
প্রকাশের সময় :৩ জুন, ২০২৫ ১২:৪৫ : অপরাহ্ণ

নিজের গুম হওয়ার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সকালে তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এ অভিযোগ দাখিল করেন।

শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন-তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বেনজির আহদেম, ডিএমপির সাবেক কমিশনার আছাদ মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।

অভিযোগ দায়ের করতে দেরি হওয়ায় দুঃখপ্রকাশ করে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ যারা গুমের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা। সেইসঙ্গে দেশ থেকে গুম-খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে।’

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা।

নিজের গুম হওয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজকে গুম কমিশনে এসেছি। ২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায়। তার ৬১ দিনের মাথায় আরেকটি দেশে পাচার করে তারা। এ সময়ের মধ্যে আমাকে যে রুমে রেখেছিল, সেই রুমের বর্ণনাসহ নানা বিষয় আমি গুম কমিশনের কাছে বলেছি।’

 

সালাহউদ্দিন আহমেদ ‘গুম’ হওয়ার আগে কয়েক সপ্তাহ আগে বিএনপির মুখপাত্র হিসেবে আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করেন। সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছিল। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছিলেন গৃহবন্দী।

২০১৫ সালের শুরুর দিকে সালাহউদ্দিন অপহৃত ও ‘গুম’ হন। তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন। অনেকে মনে করেন, এই আন্দোলনই নিরাপত্তা বাহিনীকে সালাহউদ্দিনকে ভারতের শিলং পাঠাতে বাধ্য করেছিল।

এর আগে গত বছরের ১৫ অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ওই সময় গণমাধ্যমকে তিনি বলেন, গুম-খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভও জানান সালাহউদ্দিন আহমেদ।

আরও পড়ুন: জুলাই সনদ দেশের প্রকৃত ভবিষ্যতের রূপরেখা: প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর