, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা


প্রকাশের সময় :২ জুন, ২০২৫ ৪:০৫ : অপরাহ্ণ

২০২৫-২৬ অর্থ বছরের জন্য মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব করেছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যা আগের বছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

আজ সোমবার বিকেলে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে এ বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার আগের বছরের তুলনায় ছোট বা কম আকারের বাজেট উপস্থাপন হলো এবার।

 

এর আগে কখনোই আগের অর্থ বছরের তুলনায় কম আকারের বাজেট পেশ হয়নি দেশের ইতিহাসে।

প্রায় দেড় যুগ আগে গভর্নর থাকা সালেহউদ্দিন আহমেদের এটি প্রথম বাজেট। বাস্তবতার সঙ্গে মিল রাখতেই ঘাটতি কমিয়ে বাজেটের আকার ছোটো রাখার কথা বলেছেন তিনি।

অর্থ উপদেষ্টার ভাষ্য, একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কিছুটা সংস্কারভিত্তিক এই বাজেটে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে পরিকল্পনা থাকছে ।

এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বাজেটের আকার চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কম।

এদিকে প্রস্তাবিত বাজেটের বড় একটা অংশ আসবে রাজস্ব আয় থেকে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা। যা দেশের মোট জিডিপির ৯ শতাংশ।

অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় জানান, রাজস্ব আয়ের চার লাখ ৯৯ হাজার কোটি টাকা আসবে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। আর অন্যান্য উৎস থেকে আসবে ৬৫ হাজার কোটি টাকা।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা। যা জিডিপি’র ৩.৬ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লাখ ২৫ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ১ লাখ ১ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে মেটানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।

প্রসঙ্গত, এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং দেশের ইতিহাসে ৫৪তম জাতীয় বাজেট।

সংসদ না থাকায় আগামী ৩০ জুন রাষ্ট্রপতি এই বাজেট অধ্যাদেশে সই করবেন, ১ জুলাই কার্যকর হবে নতুন বাজেট।

তবে বাজেটের অনেক অংশ, বিশেষ করে ট্যাক্স ও কাস্টমসসংক্রান্ত বিষয়গুলো ২ জুন উপস্থাপনের দিন থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: জামালপুরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর