অন্তর্বর্তী সরকার আজ সোমবার ঘোষণা করতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। নতুন বছরের এ বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে পাস হবে।
এবার জাতীয় সংসদ না থাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট পেশ করা হতে পারে। এতে উন্নয়ন ব্যয় ধরা হতে পারে ২ লাখ ৪৫ হাজার ৬০৮ কোটি টাকা। আর পরিচালন ব্যয় ধরা হতে পারে ৫ লাখ ৪৪ হাজার ৩৮৯ কোটি টাকা।
মূল্যস্ফীতির লাগাম টানার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে এবারের বাজেটে। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা থাকতে পারে আসন্ন বাজেটে। করের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে করনীতিতে আসতে পারে বড় পরিবর্তন। শিল্পখাতের কর অব্যাহতির মেয়াদ ৩০ জুনের পর আর না বাড়ানোর সিদ্ধান্তও আসতে পারে।
আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ ধরা হতে পারে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার এরইমধ্যে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এদিকে, নতুন অর্থবছরে বাড়ছে না করমুক্ত ব্যক্তি আয়সীমা।
বিভিন্ন সূত্রে জানা গেছে- কর ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন। ২০২৬-২০২৭ অর্থবছর থেকে কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্ত আয়সীমা। এক্ষেত্রে, নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন আরও বেশি ছাড়। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, সাবান-স্যুাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দাম।
কমতে পারে অপরিশোধিত তেল, চিনি, টায়ার, টিউব, ব্রেক সু, বাস ও মাইক্রোবাসের দাম। নতুন বাজেটে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পরিচালন ও নন-এডিপি খাতে।
প্রস্তাবিত এই বাজেট পাস হলে এটি হবে দেশের ৫৪তম এবং অন্তবর্তীকালীন সরকার ও অর্থ উপদেষ্টার প্রথম বাজেট।
সংসদ না থাকায় আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না এবারের বাজেটে। তবে বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের কাছ থেকে মতামত চাইবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে। এরপর আগামী ২৩ জুনের পর যেকোনো একদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে।
আরও পড়ুন: জামালপুরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান
