ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে শপথ করানো হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন।
ইসির পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। পরে শুনানি করে এ আদেশ দেওয়া হয়।
গতকাল বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন, তার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হয়।
আদালতে ইসির পক্ষে শুনানি করেন ড. মো. ইয়াছিন খান। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
শুনানিতে নির্বাচন কমিশনকে আদালত বলেন, শপথের মতামতের জন্য কেন আইনমন্ত্রণালয়ে ফাইল পাঠালেন, জুলাইয়ের পরও তো সিস্টেম ঠিক হয়নি। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার দরকার ছিলো, কেন করেননি?
আদালত আরও বলেন, নির্বাচন কমিশন একটি শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন কেনো মন্ত্রণালয়ের মুখাপেক্ষী হবে। নির্বাচন কমিশন শপথের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত না নিয়ে কেন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠাবে। নির্বাচন কমিশন তার কাজ করার ক্ষেত্রে স্বাধীন।
গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন। পরে ২৬ মে ওই রিটটি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। এরপর ওই খারিজাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক
