দেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে আগামী ৭ জুন (শনিবার) সারাদেশে ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
আজ বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
আগামী ৬ জুন (শুক্রবার) পালিত হবে পবিত্র হজের দিন (আরাফাতের দিন)।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন (শুক্রবার)। পাশাপাশি ইন্দোনেশিয়া, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই সময়ে ঈদ উদযাপিত হবে। তবে মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরের দিন বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব উদযাপিত হয়।
উল্লেখ্য, নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আরবি এই মাসের ১০ তারিখ উদযাপিত হয় ঈদুল আজহা।
ওই দিন আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করেন মুসলমানরা। ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দেশে কুরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের।
জিলহজ হিজরি সনের ১২তম বা শেষ মাস। এ মাসেই পবিত্র হজ এবং কুরবানি পালিত হয়। পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার পর্যন্ত ১১ লাখের বেশি মুসল্লি ইতোমধ্যে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন। এর আগের বছর, হজ আদায়কারীর সংখ্যা ছিল ১৮ লাখের বেশি যাদের মধ্যে ১৬ লাখের বেশি ছিল বিদেশি হজযাত্রী, অন্যরা সৌদি আরবের।
আরও পড়ুন: সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন
