প্রকাশের সময় : ২৭ মে ২০২৫, ১০:০১ অপরাহ্ণ
সৌদি আরবে আজ মঙ্গলবার সন্ধ্যায় আরবি জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল বুধবার হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাস শুরু হবে। আর আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ ছাড়া আরাফাহ দিবস পালিত হবে আগামী ৫ জুন (বৃহস্পতিবার)।
দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ইন্দোনেশিয়া। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় একে একে দেওয়া হয় ঘোষণা। দেশটিতে আগামীকাল বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে আগামী ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হবে।
আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ২৯ মে পবিত্র জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে।
জিলহজ হিজরি সনের ১২তম বা শেষ মাস। এ মাসেই পবিত্র হজ এবং কুরবানি পালিত হয়। পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার পর্যন্ত ১১ লাখের বেশি মুসল্লি ইতোমধ্যে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন। এর আগের বছর, হজ আদায়কারীর সংখ্যা ছিল ১৮ লাখের বেশি যাদের মধ্যে ১৬ লাখের বেশি ছিল বিদেশি হজযাত্রী, অন্যরা সৌদি আরবের।
এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে, তা জানা যাবে আগামীকাল। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ অথবা ৮ জুন।
উল্লেখ্য, সাধারণত সৌদি আরবে ঈদ উদ্যাপনের একদিন পরই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে উদ্যাপন করা হয়। এবার সৌদি আরবে ৬ জুন ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়েছে। ফলে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ জুন।
আরও পড়ুন: খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার
