, | |

মূলপাতা রাজধানী

কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম


কারামুক্ত হয়ে শাহবাগ মোড়ে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
প্রকাশের সময় :২৮ মে, ২০২৫ ১০:২১ : পূর্বাহ্ণ

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় মুক্তি পেয়ে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থেকে বের হন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

কারাগার থেকে মুক্তি পেয়েই শাহবাগ মোড়ে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

সমাবেশে তিনি বলেন, ‘আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। আমি আদালতকে ধন্যবাদ জানাতে চাই, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে। এতোদিন ন্যায়বিচার ছিল না।’

জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে এ জামায়াত নেতা বলেন, ‘৩৬ জুলাইয়ের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি মুক্তি পেয়েছি। তাদের অক্লান্ত আন্দোলন ও পরিশ্রমের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়েছিল।’

এর আগে গতকাল মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারুল ইসলামকে খালাস দেয় আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে।

২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। এটাই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা, যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়।

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।

আরও পড়ুন: পুনরায় চালু হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর, শঙ্কিত ভারত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর