অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি পৌঁছেছেন। আজ বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাপানের প্রটোকল প্রধান জনাব মো: দাউদ আলী।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এদিন ভোররাতে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সে দেশের শ্রমমন্ত্রী ক্রিস সান স্বাগত জানান প্রধান উপদেষতাকে।
চারদিনের এ সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরকালে জাপানের সঙ্গে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বাংলাদেশের।
গত সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, এই সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি এক্সচেঞ্জ অব নোটস সই হতে পারে। এ ছাড়া বাংলাদেশ জাপানের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা চাইবে।
ব্রিফিংয়ে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিকো সাক্ষাৎ করবেন।
আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম
