, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ


রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ
প্রকাশের সময় :২১ মে, ২০২৫ ২:১১ : অপরাহ্ণ

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশ গেইটের সামনে অবস্থান নিয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু করে এনসিপি। এর আগে মিছিল নিয়ে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা।

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ শুরুর ঘণ্টা খানেক পর পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন ভবনের ঢোকার চেষ্টা করেন এনসিপি নেতাকর্মীরা। ভবনে প্রবেশ করতে না পরে গেইটের সামনে স্লোগান দিতে দেখা গেছে তাদের। এ সময় মাইকে নেতাকর্মীরা স্লোগান দেন-‘এ মুহূর্তে দরকার স্থানীয় সরকার।’

এদিকে নির্বাচন কমিশনের প্রবেশের গেইটের সামনে ও পিছনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনাসদস্যদের সতর্ক উপস্থিতি দেখা যায়।

কর্মসূচির শুরু থেকে এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা মাইকে বক্তব্য দেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমরা আজকে স্থানীয় সরকার নির্বাচন ও ইসি পুনর্গঠনের দাবিতে এখানে একত্রিত হয়েছি। এ দাবিগুলো মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু, আমরা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এ কারণে আমরা এখানে বিক্ষোভ করছি।’

এর আগে গতকাল মঙ্গলবার রাতে এই কর্মসূচি ঘোষণা দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন-জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর মন্তব্যের কড়া জবাব দিলেন শামসুজ্জামান দুদু

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর