বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আইন-আদালত

আদালতের কাঠগড়ায় কাঁদলেন নুসরাত ফারিয়া


আজ আদালতে হাজির করা হয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৯ মে ২০২৫, ১:০৯ অপরাহ্ণ

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আদালতের কাঠগড়ায় কেঁদেছেন। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

এর আগে সকালে নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল দশটার পর তাকে আদালতে উপস্থিত করা হয়। এসময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।

আদালতে শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো কথা বলেননি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুনানি চলাকালে মাথা নিচু করে নিশ্চুপ হয়ে, মলিন মুখে দাঁড়িয়ে ছিলেন তিনি। এদিন শুনানি চলাকালে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের সমর্থক আখ্যা দিলে কিঞ্চিৎ কান্না করে চোখ মুছতে দেখা যায় নুসরাত ফারিয়াকে।

পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, ‘সে (নুসরাত ফারিয়া) ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিল, সে একজন ফ্যাসিস্টের সমর্থক। অনেকের মতো সেও নাটক সিনেমার মাধ্যমে অভিনয়ের মাধ্যমে ফ্যাসিস্টের পক্ষ নিয়েছে। ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের বিরোধিতা করেন। বিভিন্ন ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।’

থাইল্যান্ড যাওয়ার সময় গতকাল রোববার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সবশেষ জ্বিন ৩ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।

আরও পড়ুন: বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর