, | |

মূলপাতা রাজধানী

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত


শাহরিয়ার আলম সাম্য
প্রকাশের সময় :১৪ মে, ২০২৫ ৮:০৭ : পূর্বাহ্ণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহরিয়ার আলম সাম্য (২৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো. ফারুক জানান, রাতে সহপাঠীরা সাম্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শাহরিয়ার আলম সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সাম্য ও তার দুই বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে বাইক আরোহীদের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ৮-১০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা সাম্যের মাথা ও পায়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তিনি গুরুতর আহত হন।

 

এ বিষয়ে ঢাবির স্যার এ এফ রহমান হলে প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপন বলেন, কোন এক বহিরাগত মোটরসাইকেল চালক বাংলা একাডেমির সামনে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায়।

সাম্যের বন্ধু বায়েজিদ বলেন, ‘আমরা কালী মন্দিরসংলগ্ন ক্যান্টিনে আড্ডা শেষে বের হচ্ছিলাম। তখন হঠাৎ দুর্বৃত্তদের হামলার শিকার হই। সাম্য ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে অচেতন হয়ে পড়ে। পরে মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সাম্যকে ঢামেকে নেওয়া হয়, তবে সেখানে তিনি মারা যান। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্ররা রাতেই ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদের বাসভবনের সামনে জড়ো হয়ে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন।

এদিকে এ ঘটনায় গতরাত ২টার দিকে রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার (ডিসি) সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর