, | |

মূলপাতা আইন-আদালত

আদালতে মমতাজকে আইনজীবীদের ধাওয়া, অতঃপর…


মমতাজ বেগম
প্রকাশের সময় :১৩ মে, ২০২৫ ৬:৪৪ : অপরাহ্ণ

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানি শেষে তিনি এজলাস থেকে বের হলে বিএনপিপস্থি আইনজীবীরা তাকে ধাওয়া দেন। এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়ের রানার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ দিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি তার বক্তব্যে মমতাজের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিতর্কিত মন্তব্যগুলো তুলে ধরেন, যা এজলাসে হাসির রোল তোলে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীকে খুঁজতে বেগ পাওয়া এবং রিমান্ডের মেয়াদ নিয়ে আইনজীবীদের অসন্তোষে আদালতকক্ষ উত্তপ্ত হয়ে ওঠে।

দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজকে আদালতে আনা হয়। পরে আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। বিকেল ৩টা ৩ মিনিটে তাকে এজলাসে তোলা হয়। এসময় একসঙ্গে অনেক আইনজীবী সেখানে উপস্থিত হন, এতে আদালতে হট্টগোল তৈরি হয়। আদালতের অনুমতি নিয়ে উপস্থিত আইনজীবীদের শান্ত থাকার অনুরোধ করেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

বেলা ৩টা ৭ মিনিটে শুনানি শুরু হলে মমতাজের হেলমেট ও মাস্ক খোলা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মনিরুল ইসলাম আদালতকে বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।’

এরপর মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘নায়িকার অভিনয়, শিল্পীর ভালো গান আমরা পছন্দ করি। তারা কোন দল করে সেটা দেখা হয় না। তাদের কাজটাকে আমরা ভালোবাসি। তবে এই আসামি জনগণের ভালোবাসাটাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। আমাদের দেশের সার্বভৌমত্ব যখন আরেক রাষ্ট্রের কাছে জিম্মি; গুম, আয়নাঘর, আন্দোলন করলেই যখন গুলি করা হয়, তখন এই মমতাজ গানের ভালোবাসা দিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে গেছেন। মানিকগঞ্জের সিংগাইরের মানুষের ভোট হরণ করলেন। সংসদের অধিবেশনে যেখানে মিনিটে কোটি টাকা খরচ হয় সেখানে তিনি গান গাইলেন-‘আমার নেত্রী শেখ হাসিনা, সারা বিশ্বে নাই তার তুলনা।’ সংসদে তোফায়েল, আমুসহ অন্য সিনিয়র আওয়ামী লীগ নেতারা যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে কটু কথা বলেননি, সেখানে তিনি বক্তব্য রাখলেন ‘খালেদার বাপের নাম কি?’

এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা ‘শেইম-শেইম’ বলে স্লোগান দেন।

শুনানির সময় জনাকীর্ণ এজলাসের কাঠগড়ায় পুরো সময় গালে হাত দিয়ে বিষণ্ন মনে পিপির বক্তব্য শুনতে দেখা যায় মমতাজকে। একপর্যায়ে পিপি আদালতকে বলেন, ‘এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকতো তখন তিনি হাসিনাকে গান শোনাতেন।’ এ সময় এজলাসে হাস্যরসের তৈরি হয়। পিপির বক্তব্য শুনে বিষণ্ণ মমতাজ নিজেও তখন হেসে দেন।

পরবর্তী সময়ে আদালত আসামিপক্ষের বক্তব্য শুনতে চান। সেখানেও আইনজীবীকে খুঁজে পেতে বেগ পেতে হয় আদালতের। আসামিপক্ষের দাখিল করা নথি দেখে অ্যাডভোকেট রেজাউল করিমকে ডাকতে থাকেন আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা। এরপর মমতাজকে বিচারক জিজ্ঞেস করেন-‘আপনি কি ওনাকে চেনেন? আপনার আইনজীবী হিসেবে তাকে নিয়োগ করতে চাইলে ওকালতনামায় স্বাক্ষর করেন।’

কিছুটা সময় নিয়ে মমতাজ তার আইনজীবীকে শনাক্ত করে ওকালতনামায় স্বাক্ষর করেন। তবে ওই আইনজীবী আদালতের উদ্দেশ্যে বলেন, ‘আজকে আমার কোনো বক্তব্য নেই।’ এরপর আদালত বেলা ৩টা ২৮ মিনিটে মমতাজের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। রিমান্ডের আদেশ শুনে আইনজীবীরা বলে ওঠেন, ‘চার দিন না, চার দিন না, সাত দিনের রিমান্ড দিতে হবে।’

বিকেল পৌনে ৪টার দিকে শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপিপন্থি আইনজীবীরা মমতাজকে দুয়োধ্বনি দিতে থাকেন। এসময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী ‘ফাইট্টা যায়’ স্লোগান দিয়ে মমতাজের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়। কিন্তু তাদের সে চেষ্টা করে ব্যর্থ হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপিপন্থি আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন। এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ। মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তরও দেননি তিনি।

প্রসঙ্গত, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় সাগরের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ওইদিন রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহ খুঁজে পান।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।

আরও পড়ুন: শেখ মুজিব, হাসিনা ও কাদেরের নামে শাহবাগে গরু-ছাগল জবাই

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর