, | |

মূলপাতা বিএনপি

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
প্রকাশের সময় :১১ মে, ২০২৫ ২:৩৮ : অপরাহ্ণ

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে বিএনপি।

আজ রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে দেশ-বিদেশে কোথাও স্বীকৃতি নেই। আওয়ামী লীগ গণতন্ত্র মানে না, তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগকেও সাধুবাদ জানাই। 

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের দলের পক্ষ থেকে কয়েক মাস আগে এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম, আওয়ামী লীগকে মানবতাবিরোধী ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনতে হবে। তখন প্রধান উপদেষ্টা বিষয়টি যদি আমলে নিতেন তাহলে গত ২ দিনের (আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন) বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, বিএনপি এই রকম যেসব পরামর্শ দিয়েছে, দেশ ও জনগণের পক্ষে ভবিষ্যতে তা যেন যথাসময়ে আমলে নেয়। সরকার ও দেশ পরিচালনায় আমরা সরকারকে সহযোগিতা করবো।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সারাদেশের মানুষ আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। এজন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি যেন আগামী নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেন শিগগিরই। না হলে সরকারকে আগামীতে আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।

উল্লেখ্য, গত ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের থাইল্যান্ড যাওয়ার খবরে আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দাবিতে নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর সঙ্গে যোগ দেয় জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন ও দল। বিএনপি ও বাম দলগুলো অবশ্য এ কর্মসূচিতে সরাসরি অংশ নেওয়া থেকে বিরত থাকে।

দাবি আদায়ে গত দুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে এনসিপি ও তাদের সঙ্গে সম্পৃক্তরা। এ প্রেক্ষাপটে শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের পুরো উপদেষ্টা পরিষদ। সেখান থেকে সিদ্ধান্ত আসে, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার চলমান বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম।

আগামীকাল সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে রাতে এক সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আরও পড়ুন: ‘ফ্যাসিবাদী দল’ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর