, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশে গণজমায়েত আজ


রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ।
প্রকাশের সময় :১০ মে, ২০২৫ ১২:৩৬ : পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শনিবার রাজধানীর শাহবাগসহ সারাদেশে গণজমায়েত কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল শুক্রবার রাতে শাহবাগে এ কর্মসূচি ঘোষণা করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সারাদেশে জুলাইয়ে যে যে পয়েন্টে আন্দোলন হয়েছে, সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। এই লড়াই বাংলাদেশপন্থি বনাম ফ্যাসিবাদপন্থি লড়াই।

জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক বলেন, আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি, ২৫ ঘণ্টা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এ কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়, কতক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ইতোমধ্যে আমরা তিন দফা দাবি দিয়েছি। তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে, আওয়ামী লীগের যত সংগঠন সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা দাবি হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা করতে হবে। তৃতীয়, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

 

এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা দলে দলে ভাগ হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘এই মুহূর্তে ব্যান (নিষিদ্ধ) চাই, আওয়ামী লীগের ব্যান চাই’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’-এ রকম বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলেই কেবল তারা সড়ক ছাড়বেন। আন্দোলনকারীদের হাতে জাতীয় পতাকাসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি–সংবলিত পোস্টার দেখা যায়।

শুক্রবার রাত ৯টায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। শাহবাগেই আওয়ামী লীগের কবর খুঁড়বো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ইন্টেরিম (অন্তর্বর্তী সরকার) দেরি করলে শুধু শাহবাগ নয়, সারা বাংলা ব্লকেড দেবো।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মাহমুদুর রহমান খান সোহেলের স্ত্রী মরিয়ম খানম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের প্রাণের দাবি। ৫ আগস্টের পর এত দিন হয়ে গেলেও কেন সেটি করা হয়নি? কেন দাবি আদায়ে মাঠে নামতে হচ্ছে?

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন বলেন, আমরা দলের পক্ষ থেকে নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাধারণ জনতা হিসেবে এখানে এসেছি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদী বলেন, আওয়ামী লীগকে বাংলার জমিনে রাজনীতি করতে দেওয়া যাবে না। অবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। রাত পেরিয়ে শুক্রবার দুপুরেও এনসিপির নেতাকর্মীরা যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর