গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি। এ সময় যান চলাচল বন্ধ থাকতে দেখা গেছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে।
আজ শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপস্থিত ছাত্র-জনতা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দিচ্ছেন।
এদিকে ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।
এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না, ব্লকেড খুলে দিন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত ৮ মে রাত ১০টা থেকে বিক্ষোভ চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ অবস্থান কর্মসূচির ডাক দেন। তার আহ্বানে সাড়া দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।
সেই সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন। তার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করার পাশাপাশি সারারাত সেখানে অবস্থান করেন।
পরে রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’
