, | |

মূলপাতা রাজধানী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি হলো মঞ্চ


রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে ট্রাক দিয়ে তৈরি করা হচ্ছে মঞ্চ।
প্রকাশের সময় :৯ মে, ২০২৫ ১১:০৭ : পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি সমর্থন করেন, তারা এই মঞ্চ থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ‎

আজ ‎শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে । আজ বাদ জুমা সেখানে বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

‎মঞ্চ তৈরিতে কাজ করা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে পাঁচটি ট্রাক দিয়ে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

‎মঞ্চ তৈরির দায়িত্বে থাকা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতারা। দলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের পাশাপাশি সারা দেশ থেকে দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী আসবেন। এ ছাড়া গতকাল রাতেই এনসিপির বিক্ষোভে সমর্থন জানায় জমায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার সামনে বাড়ছে জমায়েত। যমুনার সামনের সড়কে স্থান সংকুলান হবে না বিবেচনায় মিন্টু রোডে ফোয়ারার মোড়ে মঞ্চ তৈরির কাজ চলছে।

 

‎জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য মো. হিফজুর রহমান বকুল বলেন, ‘সারাদেশ থেকে আমাদের নেতা-কর্মীরা আসতেছে। বিভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির আন্দোলনে সমর্থন জানিয়েছে। তাই যমুনার সামনে জায়গা সংকুলানের কথা বিবেচনা করে মিন্টু রোডের মুখে মোড়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। এখান থেকেই আমাদের দাবি সারা দেশে ছড়িয়ে পড়বে। এই মঞ্চ থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে নতুন ঘোষণা আসবে।’

গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে এনসিপি।

আজ সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন এনসিপি ও অন্যান্য দল ও সংগঠনের নেতা-কর্মীরা। ‎আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি হচ্ছে মঞ্চ

আজ সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

বিক্ষোভকে কেন্দ্র করে যমুনার চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। রাস্তায় ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে যমুনার আশপাশে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর