বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ৯ মে ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে বিভিন্ন ছাত্রসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।

আজ শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা গেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন। এ সময় তাদেরকে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে অবরোধের কারণে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি এবং বাংলামোটরগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন। তার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’। আমরা সেই টাইটেল দেওয়ার জন্য কিছুক্ষণ আগে মানুষের সমাগম করার জন্য এ জায়গা বেছে নিয়েছিলাম। এ জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেড করবো।’’

এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কানে আমাদের আওয়াজ পৌঁছায় নাই; অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহতদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না, আমরা এখান থেকে গিয়ে শাহবাগে অবরোধ করব। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা জায়গা ছাড়ব না।’

 

এর আগে দুপুর পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। রাত পেরিয়ে শুক্রবার সকালে এবং এখনো এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর