, | |

মূলপাতা আইন-আদালত

চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন, শুনানি রোববার


বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস
প্রকাশের সময় :৩০ এপ্রিল, ২০২৫ ৬:৩১ : অপরাহ্ণ

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। জামিন স্থগিতের আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে চেম্বার আদালত। ওইদিন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর বক্তব্য শুনবে চেম্বার আদালত।

আজ বুধবার বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন স্থগিতের আবেদন করা হয়। সেইসঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন চিন্ময়ের কারামুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়া না হয়, এজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে লিখিতভাবে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

এর আগে আজ দুপুরে বিচারপতি আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন।

গত ২ জানুয়ারি ওই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের লালদীঘি মাঠে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। সেদিন নিউমার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা স্থাপন করা হয়। এ ঘটনায় গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে একটি মামলা দায়ের হয়।

 

নগরীর চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস কোতোয়ালী থানায় এই মামলা করেন।

মামলায় অভিযোগে বলা হয়েছে, ৫ অগাস্ট গণঅভুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা নিউমার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত ২৫ অক্টোবর লালদীঘি ময়দানে সনাতনীদের সমাবেশের দিন ওই পতাকার ওপর ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা স্থাপন করে দেওয়া হয়, যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার শামিল।

রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ নভেম্বর তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জামিন না দেওয়ার জের ধরে সেখানে বিক্ষোভ করেন ইসকনের সমর্থকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। সংঘর্ষ চলাকালে আদালত এলাকায় মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায় তারা।

একপর্যায়ে বিকেলে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ।

পুলিশের একটি সূত্র জানায়, বিকেল পৌনে ৪টার দিকে ইসকনের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলিফ সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে কর্মরত ছিলেন। আলিফ হত্যার ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় দুটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: চিন্ময় দাসসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর