কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাফর আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
জাফর আলম পেকুয়া ও চকরিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ছিলেন।
জাফর আলম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ২০১৮ সালে নৌকা প্রতীকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর নৌকায় উঠতে পারেননি। স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন।
এরপর থেকেই তিনি নানা বিতর্কের জন্ম দেন।
এসব কারণে ২০২৪ সালের সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন দৌড়ে পিছিয়ে পড়েন। পরে অবশ্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। কিন্তু পরাজিত হন।
এর আগে, জাফর আলম ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
২০২৩ সালের ১৯ ডিসেম্বর তার একটি বক্তব্য বেশ ভাইরাল হয়। জাফর আলম দলের প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘‘আমি একবার মনোনয়ন পেয়েছি। কিন্তু আমি শতবার মৃত্যুর মুখে আপনার জন্য গিয়েছি। আমি আপনার জন্য আমার জীবনে সবকিছু উজাড় করে দিয়েছি। আমি কক্সবাজারে এক মিটিংয়ে ১ কোটি ২৫ লাখ টাকা খরচ করেছি। আপনাদেরকে থ্রি স্টার হোটেলে রেখেছি। মাতার বাড়িতে ৪০ হাজার মানুষকে একদিনের খাবার দিয়ে এক হাজার ট্রাক গাড়ি দিয়ে আমি জনসভাকে সফল করেছি। তিনি (শেখ হাসিনা) একদিন বলতেন ‘আমার জাফর’। কেন জানি না, কোন কালো ইশারায় আমি আপনার পর হয়ে গেলাম।’’
আরও পড়ুন: চেয়ারম্যান পদেও হেরে গেলেন সাবেক এমপি জাফর
