আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক এ কথা জানিয়েছেন।
আদালতে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘মামলার ঘটনার যে তারিখ ও সময়ের কথা শুনতে পেলাম তার বিষয়ে বলছি। ৫ আগস্ট সন্ধ্যা বা রাতে মহান জাতীয় সংসদে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার, ডেপুটি স্পিকার, আমিসহ ১২ জন আবদ্ধ ছিলাম। সেখানে ছিলাম। পরে সেনাবাহিনী আমাদের উদ্ধার করে।’
তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে দাবি করে পলক বলেন, ‘আমি ন্যায়বিচার চাই।’
সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।’
শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
গত ৫ আগস্ট সকাল সোয়া ১০ টার দিকে রাজধানীর বাড্ডার ডিআইজি প্রজেক্ট এলাকায় রং মিস্ত্রী আব্দুল জব্বার গুলিতে নিহত হন। এই হত্যা মামলায় পলককে আসামি করা হয়েছে। পরদিন ৬ আগস্ট ‘দেশত্যাগের চেষ্টার’ সময় পলককে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট তীব্র গণআন্দোলনের মুখে যখন খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন; তখন বাধভাঙা উল্লাসে ফেটে পড়েন লাখো ছাত্র-জনতা। দেয়াল ভেঙে ঢুকে পড়েন গণভবনে। হাজার হাজার মানুষ দখলে নেয় সংসদ ভবন এলাকা। ভেতরে ঢুকে যেখানে সংসদ অধিবেশন বসে সেখানে গিয়েও ফটো সেশন করেন অনেকে। পরিস্থিতি যখন এমন-তখনও জীবনের ঝুঁকি নিয়ে ভেতরে অবস্থান করছিলেন জুনায়েদ আহমেদ পলক, শিরীন শারমিন চৌধুরীসহ অন্তত ১২ জন। পরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।
তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী বিভিন্ন মামলার আসামি হলেও তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তিনি দেশে আছেন, নাকি বিদেশে পালিয়ে গেছেন- সেটা নিয়েও নানা কথা প্রচলিত আছেন। তবে অনেকেই মনে করেন, শিরিন শারমিন দেশেই আছেন এবং কোনো শক্তিশালী একটি পক্ষ থেকে নিরাপত্তা দিচ্ছে।
আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিল
