, | |

মূলপাতা প্রবাসে রাজনীতি

মলিন চেহারায় দেখা মিললো আ.লীগের পলাতক সাবেক ৪ মন্ত্রীর


বাম থেকে (লাল বৃত্ত চিহ্ন) বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রী-খালিদ মাহমুদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, আব্দুর রহমান ও হাছান মাহমুদ।
প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২৫ ২:১৫ : অপরাহ্ণ

যুক্তরাজ্যে এবার এক সাথে দেখা মিললো দেশ থেকে পালিয়ে যাওয়া বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রীকে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে মলিন চেহারায় তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছবিতে আওয়ামী লীগের সাবেক এই চার মন্ত্রীর চোখে মুখে হতাশা ও বিমর্ষ অবস্থায় দেখা যায়।

আওয়ামী লীগের সাবেক ওই চার মন্ত্রী হলেন-সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

 

জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । চিকিৎসারত নেতাকে দেখতে মঙ্গলবার হাসপাতালে দেখতে যান তারা।

যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের দেখা গেলেও ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এইবারেই প্রথমবার চারজন সাবেক মন্ত্রীকে একসাথে দেখা গেছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাত্র ২২ দিনের বিক্ষোভে পতন হয় শেখ হাসিনা সরকারের।

গত ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাখো মানুষের সমাবেশে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয়।

পরদিন ৪ আগস্ট ঢাকাসহ সারাদেশে ছাত্র-জনতাকে প্রতিরোধ করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মাঠে নামে। এ দিন সারাদেশে পুলিশ, শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীসহ শতাধিক মানুষ প্রাণ হারায়।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ঘেরাও করতে ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেদিন রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। শেষ পর্যন্ত ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের।

ওই দিন বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন থেকে হেলিকপ্টারে করে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে চলে যান। সেখান থেকে বিমানবাহিনীর একটি বিমানে করে ভারতে পালিয়ে যান তারা।

এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটে। শেখ হাসিনার পতনের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আনন্দ-উল্লাস করেন।

এরপর ছাত্র-জনতার দাবির মুখে গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।

হাসিনার পতনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা-উপজেলার বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া নেতাদের মারধর, হত্যা, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

এ অবস্থায় আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ নেতারা। কেউ কেউ দেশ ছেড়েছেন। অনেকে পালাতে গিয়ে বিমানবন্দর ও সীমান্তে আটক হয়েছেন।

আরও পড়ুন: হাসিনা এখনো সবুজ সংকেত দেননি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর